রাণীনগরে হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

🕒 আপডেট: ডিসেম্বর ২০, ২০২৫, ১২:৩০ অপরাহ্ণ


আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:


জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা শরিফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে এবং অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা ও ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে নওগাঁর রাণীনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র পরিষদ, রাণীনগর শাখা।

“জান দিবো জুলাই দিবো না” প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে শুক্রবার বিকেলে একটি বিক্ষোভ মিছিল উপজেলার শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয় প্রাঙ্গন থেকে বের হয়ে প্রধান প্রধান স্থান পদক্ষিণ করে উপজেলার গোল চত্বরে এসে শেষ হয়। সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে রাণীনগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রুহুল আমিন রিমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির, নওগাঁ-৬ আসনের ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মোস্তফা ইবনে আব্বাস, শিক্ষক নজরুল ইসলাম, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মো. কবির, আমির হামজা প্রমুখ।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, প্রতিবেশী দেশের আধিপত্যমূলক আচরণ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ন করছে। এ পরিস্থিতিতে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে ন্যায্য দাবি আদায়ে এগিয়ে আসার আহ্বান জানান তারা। এসময় শ্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সমাবেশ শেষে হাদির রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

রাণীনগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রুহুল আমিন রিমনের বলেন, শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি পরিকল্পিত ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। তারা অবিলম্বে হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।