চাঁপাইনবাবগঞ্জে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে দশ হাজার টাকা জরিমানা

🕒 আপডেট: মার্চ ৯, ২০২৪, ৮:৫৭ অপরাহ্ণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে অনুমোদন ছাড়াই জবাই করা হয় অসুস্থ গরুটিকে। এরপর মাংস বিক্রি শুরু করলে গন্ধ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা খবর দেয় প্রাণিসম্পদ কর্মকর্তাদের। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অনুমোদন না নিয়ে পশু জবাই ও অসুস্থ গরুর মাংস বিক্রির অপরাধে কসাই আবুল কালামকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (০৯ মার্চ) সকালে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর কলেজ মোড়ে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. কাউসার আলী জানান, অসুস্থ গরুর মাংসের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। এর ফলাফল আসলেই গরুটি কি রোগে আক্রান্ত ছিল তা জানা যাবে। জরিমানার পাশাপাশি কসাইকে সর্তক করা হয়েছে। জব্দ করা মাংস-গুলো ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সকলের সামনে মাটির নিচে পুঁতে ফেলা হয়েছে বলেও তিনি জানান।