চাঁপাইনবাবগঞ্জে সংসার চালাতে অটো রিকশা চালাচ্ছেন ইতি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:নারীরা সর্বজয়া,আবারো তা মনে করিয়ে দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের আতাহার রাধুনিডাঙ্গা এলাকার ইতি খাতুন। স্বামী মামলায় জড়িয়ে বেশ কিছুদিন থেকে জেলে আছেন। সংসারের দায়িত্ব পড়েছে ইতির উপর।
ছোট দুই মেয়েসহ পরিবারের সদস্যদের দুবেলা খাবার তুলে দিতে নিজেই চালাচ্ছেন অটোরিকশা। শখের বসে অটো রিকশা চালানো শিখেছিলেন, সেই শিক্ষাই এ বিপদের দিনে সবচেয়ে বড় অবলম্বন হয়ে দাঁড়িয়েছে ইতির কাছে।
সকালে ঘরের কাজ শেষ করে দেড় বছর বয়সী মেয়েকে নিয়ে বের হন ইতি। এরপর যাত্রীর জন্য অপেক্ষা। যাত্রী পেলে ছুটে চলেন গন্তব্যে। অটো চালানোর সময় তার পাশে বসে বাচ্চাকে সামলায় ইতিরই এক ছোট বোন। সন্ধ্যায় অটোরিকশা চালানো শেষে বাড়ি ফিরে যান। সংগ্রামী ইতির প্রতিদিনের রুটিন এখন এমনই।
সংসার চালানোর পাশাপাশি, ঋণে কেনা অটো রিকশার কিস্তি পরিশোধ, জেলখানায় থাকা স্বামীর মুক্তির চেষ্টা সবই করতে হচ্ছে তাকে- বলছেন স্থানীয়রা। কোনো কাজই ছোট নয়, সেই সাথে পরিবারের প্রতি দায়িত্ববোধের উদাহরণ হয়ে রইবে ইতির এমন মনোবল।