শিবগঞ্জে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন

🕒 আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৪, ৯:৫৮ অপরাহ্ণ

শিবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অস্ত্র আইনে দায়ের করা মামলায় লোকমান আলী (৩৫) নামে একজনকে যাবজ্জীবন ও অপর ধারায় সাত বছর কারাদন্ডের আদেশ দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল। আদেশে উল্লেখ করা হয়, এক সাজা ভোগের পর অপর সাজা কার্যকর হবে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপরে স্পেশাল ট্রাইবুনাল-১ এর বিচারক মোহা. আদীব আলী দন্ডিতের উপস্থিতিতে এই রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার মৃত হুমায়নের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারী শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের শরৎনগর গ্রামে র‌্যাবের অভিযানে একটি পিস্তল, একটি রিভলবার, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ আটক হন লোকমান আলী। এ ঘটনায় পরদিন শিবগঞ্জ থানায় একটি মামলা করেন র‌্যাবের উপ-পরিদর্শক হাফিজুর রহমান। ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারী মামলার তদন্ত কর্মকতা ও শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক নুরন্নবী আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ শুনানী ও স্বাক্ষ্য প্রমানাদী শেষে আদালত এই রায় দেন।