শিবগঞ্জে ছেলের ধাক্কায় বাবার মৃত্যু

🕒 আপডেট: মার্চ ১৮, ২০২৪, ১০:৪৯ অপরাহ্ণ

শিবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অতিরিক্ত মদ খেয়ে ছেলের সঙ্গে ধাক্কাধাক্কির সময় স্বপন আলী (৪৬) নামে একজনেরম মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধাইনগর ইউনিয়নের গোঁসাইবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলে ইমন আলীকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। নিহত ব্যক্তি উপজেলার ধাইনগর ইউনিয়নের গোঁসাইবাড়ি গ্রামের মৃত আজিজুলের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, গভীর রাতে মদ্যপান করে নিজ বাড়িতে এসে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন স্বপন। এ সময় ছেলে ইমন আলীর সঙ্গে তার বাগবিতন্ডা ও ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে শিবগঞ্জে ছেলের ধাক্কায় পাশে গাছের সাথে আঘাত লেগে অজ্ঞান হয়ে পড়েন স্বপন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন স্বপনকে। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর পরই ছেলে ইমন আলীকে আটক করা হয়েছে। একই সঙ্গে ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।