চাঁপাইনবাবগঞ্জে সরকারি ভাতা কার্ড করে দেয়ার নামে অর্থ নেয়ার অভিযোগ

🕒 আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৪, ৯:২৩ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:নারীদের টার্গেট করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের ফাহমিদা আক্তার ফুলেরা নামে এক নারীর বিরুদ্ধে।

এ নারী নিজেকে পরিচয় দেন সমাজসেবার কর্মকর্তাদের ঘনিষ্ঠজন হিসাবে, কখনো বলেন উপজেলা পরিষদের কথা, কখনো জেলা পরিষদ সহ বিভিন্ন সরকারি দপ্তরের চাকরি করেন। আর এসব পরিচয় দিয়েই বুনতেন প্রতারণার জাল। সরকারি বিভিন্ন ভাতা, সরকারি চাকরি করে দেয়ার কথা বলে নানা জনের কাছে নেন বিভিন্ন অংকের টাকা। আর সেই টাকায় ঘুরে বেড়ান, সেই ঘুরে বেড়ানোর ভিডিও প্রকাশও করেন আবার নিজের টিকটক অ্যাকাউন্টে।

এ নিয়ে শনিবার (২৪ ফেব্রুয়ারি) প্রতারণার শিকার নারীরা চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় অভিযোগ জানান। এর আগে শুক্রবার বিকালে তারা অভিযুক্ত ফাহমিদা আক্তার ফুলেরার বাড়ি ঘেরাও করে টাকা ফেরত চায়।
এ বিষয়ে অভিযুক্ত ফুলেরা বেগম বলেন, আমি কিছু টাকা নিয়েছি, যাদের কাছে টাকা নিয়েছি তাদের টাকা ফেরত দিব। আমি টাকা নিয়েছি সেটা অস্বীকার করব না, কিন্ত যত টাকার কথা বলা হচ্ছে তত টাকা নেয়নি।