পত্নীতলায় প্রকৃতিপ্রেমীদের নজর কাড়ছে কাশফুল!

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ):
শাদা কাশ ফুল যেনো প্রকৃতি প্রেমিকদের কানে কানে বলছে, ‘আমার শাদা রূপ দেখে শুধু মুগ্ধ হয়ো না-আমাদের মতো শাদা মনের মানুষ হও। আমরা নগণ্য কাশফুল। শরতের শুভ্রতা বাড়িয়ে তুলি শতগুণ।’ নওগাঁর বরেন্দ্র এলাকা পত্নীতলা। বাংলা ঋতুর শরতের আশ্বিন মাস শেষ পর্যায়েও রাস্তার দু’পাশ, নদীর দু’পাশ, মাঠে কিংবা পুকুর পাড়ে পতিত জমির আইলে মৃদুমন্দ বাতাসে দোল খাচ্ছে শাদা ধবধবে কাশ ফুল।
কাশ ফুলের প্রেমে পড়ে পড়ন্ত বিকেলে কোলাহলপূর্ণ শব্দ দূষণের শহর ছেড়ে সকল বয়সী মানুষ ছুঁটে যায় কাশফুল দর্শনে। মনে সামান্য একটু হলেও প্রশান্তির প্রত্যাশায়। তরুণ-তরুণীরা মোবাইল ফোনে ধারণ করছেন ছবি। কেউবা তুলছেন সেলফি। পোস্ট করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
পত্নীতলা উপজেলার মামুদপুর গ্রামের ইমরান হোসেন জানান, ‘আত্রাই নদীর পশ্চিম পাড়ে আমাদের মহল্লা। নজিপুর পৌর শহরের পশ্চিম প্রান্ত। আমাদের মহল্লায় যত্রতত্র কাশ ফুল ফোটে। যে দিকে তাকাবেন শুধু কাশ ফুল আর কাশ ফুল।
গোটা মহল্লা যেনো শাদার সমুদ্রে ভাসছে। প্রতিদিন বিকেল হলেই শাদা কাশ ফুলের সৌন্দর্য উপভোগ করতে শত শত প্রকৃতি প্রেমিক ভীড় জমায়। যান্ত্রিক কর্মব্যস্ত জীবনে মানুষ এখানে এসে কিছু সময়ের জন্য হলেও নিজেকে প্রকৃতির মাঝে হারিয়ে ফেলে। লাভ করে স্বর্গীয় সুখ।’