বিএসএফ’র গুলিতে নিহত রইশুদ্দীনের মরদেহ দাফন

🕒 আপডেট: জানুয়ারি ২৪, ২০২৪, ১১:১৩ অপরাহ্ণ

রইশুদ্দীনের মরদেহ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সৈনিক রইশুদ্দীনের মরদেহ দাফন করা হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে মরদেহবাহী একটি হেলিকপ্টার করে রইশুদ্দীনের মরদেহ শিবগঞ্জে পৌঁছায়। পরে রইশুদ্দীনের মরদেহ গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সাহাপাড়া নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় ভবানিপুর গোরস্থানে জানাজা শেষে রইশুদ্দীনের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

জানা গেছে, ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফের গুলিতে রইশুদ্দীন নিহত হলে দুদিন পর মরদেহ ফেরত পায় বিজিবি। রইশুদ্দীনের মরদেহ যশোর জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের পরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে। সেখান থেকে আকাশপথে হেলিকপ্টার যোগে রইশুদ্দীনের মরদেহ নিয়ে আসা হয় শিবগঞ্জে। হেলিকপ্টারটি অবতরণ করে শিবগঞ্জ উপজেলা স্টেডিয়ামে।

পরে রইশুদ্দীনের মরদেহ পরিবারের সদস্যরা বুঝিয়ে পেলে, পুলিশি নিরাপত্তায় সড়কপথে নিয়ে যাওয়া হয় মরদেহটি। রইশুদ্দীনের মরদেহ বুঝিয়ে দেয়ার সময় নিহতের পরিবার চাঁপাইনবাবগঞ্জ বিজিবি ও যশোর ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন। মরদেহ নিজ গ্রামে পৌঁছালে শোকে এলাকার বাতাস ভারি হয়ে উঠে। এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ গ্রাম উপজেলার ভবানিপুর গোরস্থানে দাফন করা হয়।

প্রসঙ্গত, গত সোমবার ভোররাতে বেনাপোলের ধান্যখোলা সীমান্তে বিজিবির সৈনিক রইশুদ্দীনকে গুলি করে হত্যা করে বিএসএফ। তিনি চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া গ্রামের কামরুজ্জামানের ছেলে। ২০১৫ সালের জুনে যোগ দেন বিজিবির সৈনিক পদে। এরপর থেকে বিভিন্ন ব্যাটালিয়নের অধীনে সীমান্তরক্ষায় দায়িত্ব পালন করেছেন। বর্তমানে কর্মরত ছিলেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ধ্যানখোলা বিওপিতে।