চাঁদাবাজির তালিকা, হত্যা ও নলকূপের গর্তে শিশু মৃত্যুর ঘটনা আলোচনায় ছিল বছরজুড়ে
নিজস্ব প্রতিবেদক

১২৩ জনের নামের চাঁদাবাজির তালিকা ছাড়াও বিচারকের ছেলেকে হত্যা ও অভাবের তাড়নায় একই পরিবারের চারজনের মৃত্যুর ঘটনার পরে পদ্মার চরে গোলাগুলিতে তিনজনের মৃত্যু আসে আলোচনায়। তবে বছরটির শেষভাগে আলোচনায় আসে গভীর নলকূপে পড়ে শিশু সাজিদের মৃত্যুর ঘটনা। ২০২৫ সালে রাজশাহীতে বছরজুড়ে এসব ঘটনা ছিল আলোচনা শীর্ষে।
১৫ আগস্টে অভাবের তাড়নায় একই পরিবারের চারজনের মৃত্যুর ঘটনা ঘটে জেলার পবা উপজেলার বামুনশিকড় এলাকায়। নিহত মিনারুল ইসলাম, তার স্ত্রী মনিরা বেগম, ছেলে মাহিম ও মেয়ে মিথিলার মৃত্যুর ঘটনায় পৃথক দুটি মামলা হয়। চারজনের মৃত্যুর শোক কাটতে না কাটতে আবার লাখ টাকা ঋণ করে চল্লিসা করে পরিবারটি।
২৮ জুলাই রাজশাহীতে বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতের পরিচয়ধারী ১২৩ জন ‘চাঁদাবাজের’ নাম সংবলিত একটি তালিকা রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করে। এই তালিকায় বিএনপি, ছাত্রদল ও তাদের সহযোগী সংগঠনের ৪৪ জন নেতা-কর্মী, ক্যাডার, সমর্থকের নাম পরিচয় রয়েছে। রয়েছে আওয়ামী লীগের ২৫ জন ও জামায়াতের ৬ জনের নাম। তবে বাকিগুলোর নাম ঠিকানা থাকলেও নেই রাজনৈতিক পরিচয়। তাদের বলা হয়েছে ‘সুবিধাবাদী’।
১০ ডিসেম্বর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে শিশু সাজিদ নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ৪০ ফুট মাটি খনন করে ৩২ ঘণ্টা পর শিশুটিকে দুদিন পর রাত সাড়ে ৯টায় উদ্ধারের পরে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সাজিদকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পরে ১৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) রেজাউল আলম সরকারের স্বাক্ষরিত চিঠিতে বিভাগের সব গভীর নলকূপের তথ্য চায় প্রশাসন।
গেল ১৩ নভেম্বর নগরীর রাজপাড়া থানার ডাবতলায় এলাকায় রাজশাহী মহানগর দায়রা জজের ভাড়া ফ্লাটে অভিযুক্ত তার ছেলে তাওসিফ রহমানকে ছুরিকাঘাতে হত্যা করে লিমন মিয়া। লিমন কৌশলে প্রবেশ করে জজের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাত করে জখম করে। এসময় লিমন নিজেও আহত হন। এ ঘটনার পরে বিচারক বাদী হয়ে রাজপাড়া থানায় মামলা দায়ের কারলে হাসপাতাল থেকে লিমন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পরে লিমনকে পাঁচ দিনের রিমান্ড নেয় পুলিশ। এছাড়া পুলিশ হেফাজতে থাকা আসামির বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় তৎকালীন পুলিশ কমিশনারকে আদালতে তলব করা হয়। এছাড়া দায়িত্বে অবহেলায় চার পুলিশ সদস্যকে রাজশাহী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
গেল ২৭ অক্টোবর কুষ্টিয়ার দৌলতপুর পদ্মার চরে কাঁকন ও মণ্ডল গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় বাঘার আমান মন্ডল, নাজমুল হোসেন ও কুষ্টিয়ার লিটনের মৃত্যু হয়। এনিয়ে মামলা হলেও পুলিশ অপারেশন ফাস্ট লাইট চালায়ে পাবনা, নাটোর ও রাজশাহীর পদ্মার চরে অভিযান চালিয়ে ৭২ জনকে গ্রেপ্তার করে।
বছরটির শুরুর ভাগে ২ ফেব্রুয়ারি রিকশাচালককে পিটিয়ে বরখাস্ত হন সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান। পরবর্তিতে তাকে বগুড়ার দুপচাচিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। এছাড়া গেল ২১ জুলাই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম। তৌকিরের বাড়ি রাজশাহী উপশহর এলাকায় ।
গেল ১৪ এপ্রিল বাঘার আড়ানী রেলস্টেশনে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বৃদ্ধ রুহুল আমিন (৬০)। তার ট্রেনের নিচে ঝাঁপ দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এছাড়া ৬ এপ্রিল নগরীর উপকণ্ঠ খড়খড়ি এলাকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে ট্রাকের সঙ্গে দুইটি বাসের সংঘর্ষে তিনজন নিহত হন|