বদলগাছীতে মহান বিজয় দিবস উদযাপিত

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এই উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা স্মৃতিসৌধে থানা পুলিশের আয়োজনে ৩১বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়। এরপর ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সকল নির্যাতিত নারী, বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি।
এরপর থানা পুলিশ, মুক্তিযোদ্ধা কমান্ড, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, উপজেলা বিএনপির সভাপতি ও নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের মনোনিত প্রার্থী ফজলে হুদা আকন্দ বাবুল এর নেতৃতে জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়। সকাল ৯টায় বদলগাছী মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি ও অফিসার ইনচার্জ লুৎফর রহমান। এরপর পায়রা ও বেলুন ফেস্টুন উড়িয়ে বিজয় মেলার উদ্বোধন করা হয়।
এ সময় ইউএনওর সংগে ছিলেন থানা অফিসার ইনচার্জ লুৎফর রহমান, ওসি (তদন্ত) মোঃ নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, উপজেলা বিভিন্ন রাজনৈতিক দল এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। বিকালে ফুটবল খেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।