সিরাজগঞ্জে ‘জামায়াত কর্মীর’ মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

🕒 আপডেট: নভেম্বর ১৩, ২০২৫, ১১:২৪ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক:


সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী শাহিনুর আলমের নির্বাচনি প্রচারের সময় মোটরসাইকেলের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যার পর সদর উপজেলার বহুলী বাজারের পাশে এ দুর্ঘটনায় আরও এক নারী আহত হয়েছেন বলে সদর থানার এসআই শহিদুল ইসলাম জানিয়েছেন।
নিহত ৫২ বছর বয়সী মনোয়ারা বেগম বহুলী নতুন পাড়ার আব্দুল আজিজের স্ত্রী।
আহত তাহমিনা খাতুনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের মেয়ের জামাই পাপ্পু ম-ল বলেন, “খোকশাবাড়ি ইউনিয়নের ব্রাহ্মণগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জামায়াতের প্রার্থী শাহিনুর আলম বৈঠক শেষে গাড়ির বহর নিয়ে যাচ্ছিলেন। একই সময়ে মনোয়ারা বেগম ও তাহমিনা খাতুন সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন।
“তখন বহরের পেছনে থাকা এক জামায়াত কর্মী দ্রুতগতিতে মোটরসাইকেলে চালিয়ে আসছিলেন। কিন্তু রাস্তা খারাপ হওয়ায় সাইড দেওয়ার সময় তিনি মনোয়ারা ও তাহমিনাকে ধাক্কা দেন। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়ার পথে মনোয়ারার মৃত্যু হয়।”

এ বিষয়ে সিরাজগঞ্জ-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলম বলেন, “বৃহস্পতিবার সকালে ওই নারীর জানাজা ও দাফন হয়েছে। আমাদের স্থানীয় নেতাকর্মীরা এ বিষয়ে খোঁজখবর নিয়েছেন।”
পরিবারের অভিযোগ না থাকায় নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এসআই শহিদুল ইসলাম জানিয়েছেন।
তথ্যসূত্র: বিডিনিউজ

Exit mobile version