চাঁপাইনবাবগঞ্জে ২ লাখ ২৬ হাজার ৮৫৮ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে ২ লাখ ২৬ হাজার ৮৫৮ শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৬ হাজার ৬৪৮ শিশুকে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী শনিবার (০১ জুন) চাঁপাইনবাবগঞ্জে এসব ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানায় জেলা সিভিল সার্জন অফিস৷ এসময় বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রাকিবুল ইসলাম। জেলা সিভিল সার্জন অফিস এই মতবিনিময় সভার আয়োজন করে।
সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রাকিবুল ইসলাম বলেন, সুস্থ সবল ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে সঠিক ভিটামিন যোগানের প্রয়োজন। তাই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিন এ শরীরের স্বাভাবিক বৃদ্ধি ও দৃষ্টিশক্তি বজায় রাখতে সহায়তা করে। এছাড়াও রাতকানা রোধে ভূমিকা পালন করে ভিটামিন এ।
সিভিল সার্জন অফিস আরও জানায়, মোট ১২০৪টি কেন্দ্রে ২ লাখ ২৬ হাজার ৮৫৮ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে সাতটি ভ্রাম্যমাণ ও ছয়টি অস্থায়ী কেন্দ্র থাকবে। এই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে মোট ২৪১২ জন স্বেচ্ছাসেবক কাজ করবে। কোন শিশুই যাতে বাদ না পড়ে সেলক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণা করা হচ্ছে বলে জানান, সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশীদ।