চাঁপাইনবাবগঞ্জে ৫ কিলোমিটার সড়ক খানাখন্দে ভরা, ভোগান্তিতে পথচারী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা আঞ্চলিক সড়কের ৩টি স্থানে খানাখন্দ সৃষ্টি হওয়ায় যান চলাচল ব্যাহত এবং প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে বর্ষাকালে এ দুর্ভোগ বেড়ে দ্বিগুণ হয়। এছাড়া নাচোল, নওগাঁ, বগুড়া ও তানোর যাতায়াতের আঞ্চলিক সড়ক এটিও।
স্থানীয় ও চলাচলকারীদের অভিযোগ, বাকি ৫ কিলোমিটার অংশে সড়কটি স্থানীয় সড়ক বিভাগ এখন পর্যন্ত সংস্কারের কোন উদ্যোগ গ্রহণ করেনি। সচেতনমহল মনে করছেন, দীর্ঘসূত্রিতায় এতে করে উন্নয়ন কাজ না হলে সরকারের ভাবমূর্তি নষ্ট হবে।
জানা গেছে, নয়াগোলা-আমনুরা পর্যন্ত ১২ কিলোমিটারের সড়কের মধ্যে ৭ কিলোমিটার রাস্তা পিচ কার্পেটিং ও আরসিসি ঢালাই করা হয়। আর বাকি অংশ নয়াগোলা থেকে উত্তর ভবানিপুর-আতাহারের বুলনপুর, আমনুরা রেলস্টেশন বাজার-শিমুলতলা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কে ইট বিছিয়ে রাখা হয়েছে। সেখানে অসংখ্য খানাখন্দ ও পানি জমে থাকায় সে জায়গাগুলো দিন দিন অনুপযোগী হয়ে পড়েছে।
এছাড়া এ সড়কটির উভয় পাশে রয়েছে বড় বড় চালকল, নেসকো-১ এর বিদ্যুৎ ভবন, প্রস্তাবিত এক্সিম কৃষি বিশ^বিদ্যালয়ের স্থায়ী ভবন নির্মাণের জায়গা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানসহ ব্যবসা প্রতিষ্ঠান। এ সড়কে প্রতিদিন বাস, ট্রাক, অটোরিকশা ও মোটরসাইকেলসহ অন্যান্য যান যাতায়াত করে থাকে। আর এসময় উক্ত এলাকা ধুলোয় আচ্ছন্ন হয়ে যায় এবং দোকানি ও পথচারীরাও পড়ে বিপাকে। এতে ভাঙছে গাড়ির যন্ত্রাংশ, কখনোবা গাড়ি উল্টে যাচ্ছে। এ সড়কটির বাকি অংশ দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় দিন দিন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে।
পরিবহন মালিকদের অভিযোগ, পথের মাঝে খানাখন্দকে হেলে-দুলে কাঁত হয়েই চলছে পণ্যবাহী ভারি যানবাহনসহ অন্যান্য যান। দ্রুত পণ্য পরিবহণ, ছোট-ছোট যানবাহনের চলাচলসহ জরুরী ভিত্তিতে রোগীকে হাসপাতালে নিতে যাত্রী সাধারণ ও চালকদের পড়তে হচ্ছে বাড়তি বিড়ম্বনায়। সরকার সড়কের উন্নয়নে অনেক বরাদ্দ দিচ্ছেন। অথচ সুনাম ক্ষুন্ন হচ্ছে এই সড়কটির কারনে।
এব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরিন ঝিনুক বলেন, এ সড়কের বাকি ৫ কিলোমিটার অংশ সংস্কারের জন্য যাবতীয় কাগজ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে এবং টেন্ডারটি প্রক্রিয়াধীন রয়েছে।