গোমস্তাপুরে নেসকোর মিটার রিডারদের কর্মবিরতি

🕒 আপডেট: জানুয়ারি ১৬, ২০২৪, ৮:২২ অপরাহ্ণ


গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চাকরি প্রতিশ্রুতি বাস্তবায়ন না করার দাবিতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) পিচরেট মিটার রিডারদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। সোমবার (১৫ জানুয়ারি) থেকে নেসকোর পিচরেট কর্মচারী ঐক্য পরিষদ রাজশাহী ও রংপুর বিভাগে আয়োজন এই কর্মবিরতি পালন করা হচ্ছে। দ্বিতীয় দিনে গোমস্তাপুর উপজেলার রহনপুরস্থ বিক্রয় ও বিতরণ বিভাগ কার্যালয়ে এই কর্মবিরতি পালন করা হয়।

কর্মবিরতি পালনকারী কয়েকজন জানান, আগামী কয়েক মাসের মধ্যে প্রতিষ্ঠানটি প্রিপেইড স্মার্ট মিটার বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এরফলে নেসকোর পিচরেট কর্মচারীদের আর কোন কাজে আসবেনা। কর্মহীন হয়ে পড়বে তাঁরা। এই কারণে তাঁরা গত ১৫ জানুয়ারি থেকে চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজশাহী ও রংপুর বিভাগে কর্মবিরতি পালন করছেন। এদিকে ১৯৯০ সাল থেকে বিদ্যুৎ গ্রাহক বৃদ্ধিকরণে গোমস্তাপুর উপজেলায় ১৯ জন এই কাজে নিয়োজিত আছেন। এরআগে বিভিন্ন সময় সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের চাকরি স্থায়ী করণের ব্যবস্থা গ্রহণের আশস্ত করেন। কিন্তু গত ৩৪ বছরেরও এর সুফল পাননি তারা। বাধ্য হয়ে তারা এই কর্ম বিরতি পালন করছেন।

এই পদে ১৯৯০ সাল থেকে কর্মরত আব্দুস সাত্তার বলেন, একাধিকবার সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে গিয়ে কোন সুফল পাননি তিনি। দীর্ঘ ৩৪ বছরে থেকে ছেলে মেয়ে ও পরিবারকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের গোমস্তাপুরের সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক পিয়ারুল ইসলাম বলেন, আগামী ৪/৫ মাসের মধ্যে প্রতিষ্ঠানটি প্রিপেইড স্মার্ট মিটার বসানোর উদ্যোগ নেয়া হয়েছে। এতে তাদের এই কাজ থাকবে না। কর্মহীন হয়ে পড়বেন সবাই। তাই বাধ্য হয়ে গত ১৫ জানুয়ারি থেকে কর্মবিরতি পালন করছেন তারা। দাবি মানা না পর্যন্ত তাদের এই কর্মবিরতি চলবে বলে ওই দুই নেতা জানান।

নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগ গোমস্তাপুরের নির্বাহী প্রকৌশলী হাফিজ নাসিম বিন জসিম বলেন, গত ১৫ জানুয়ারি থেকে তাদের চাকরি স্থায়ী করণের দাবিতে কর্মবিরতি পালন করছেন।

Exit mobile version