শিবগঞ্জে উদ্বোধনের আগেই নৌকার নির্বাচনী অফিস ভাঙচুর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে নৌকা প্রতীকের একটি নির্বাচনী অফিসে ভাংচুর চালিয়ে দুর্বৃত্তরা। এসময় অফিসের বিভিন্ন মালামাল ও সরঞ্জাম লুটপাট করে নিয়ে যাওয়ার অভিযোগ করছেন আ.লীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত দুইটার দিকে দাইপুখুরিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ী দোহাপাড়া গ্রামে এই ভাঙচুরের ঘটনা ঘটে।
নির্বাচনী অফিস ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেছেন দাইপুকুরিয়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আমিনুল ইসলাম লালু। তিনি জানান, ডেকোরেটর থেকে মালামাল এনে মঙ্গলবার নৌকা প্রতীকের একটি অফিস বানানো হয়। সেখানে চেয়ার-টেবিলসহ অন্যান্য প্রচারসামগ্রী ছিল। রাত দুইটার পর দুর্বৃত্তরা অফিসটি ভাংচুর করে সমস্ত মালামাল লুটপাট করে নিয়ে যায়। অফিসটি বুধবার (২৭ ডিসেম্বর) সকালে উদ্বোধন হওয়ার কথা ছিল।
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের নৌকা বর্তমান সংসদ সদস্য ও প্রতীকের প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল জানান, আমার নির্বাচনী অফিস ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। বিষয়টি ইতিমধ্যে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ প্রশাসনকে জানিয়েছি। যারা আমার অফিসে ভেঙে লুটপাট করেছে তদন্ত করে বিচার দাবি করছি।
শিবগঞ্জ থানার ওসি মো.সাজ্জাদ হোসেন বলেন, একটি নৌকার অফিস ক্ষতিগ্রস্থ করেছে দুর্বৃত্তরা।খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। পুলিশ তদন্ত করছে। যারা ভাংচুর, লুটপাটের সঙ্গে জড়িত থাকবে সবাইকে আইনের আওতায় আনা হবে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারি রিটার্নিং কর্মকর্তা এএফএম আবু সুফিয়ান জানান, নৌকার নির্বাচনী অফিস ভাংচুরের বিষয়টি ঊর্দ্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।