শিবগঞ্জে পণ্য বোঝাই ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ

🕒 আপডেট: ডিসেম্বর ১৮, ২০২৩, ১২:০৫ অপরাহ্ণ


শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা:


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চিনাবাদাম বোঝাই ট্রাকে পেট্রোল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রোববার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কয়লাবাড়ি-মুসলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাতে চিনাবাদাম বোঝাই একটি ট্রাক সোনামসজিদ স্থলবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। এ সময় কয়লাবাড়ি-মুসলিমপুর এলাকায় পৌঁছালে ট্রাকটিকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

এতে ট্রাকের সামনের অংশে আগুন ধরে যায়। চালক ও সহকারীর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ট্রাকটির ইঞ্জিনের ক্ষতি হয়েছে। তবে ট্রাকের বডির কোন ক্ষতি হয়নি। সামান্য আহত হয়েছেন চালক মেহেদী।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান,পণ্য বোঝাই একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপের চেষ্টা করেছে। এতে কয়েকটি বস্তার ক্ষতি হয়েছে। ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে। নাশকতাকারীদের ধরতে অভিযান চলছে।

Exit mobile version